বাংলাদেশে ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক অর্থ লেনদেন সহজ করতে দ্রুত পেপ্যাল সেবা চালুর আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ মে ২০২৬, দুপুর ২:৪৩ সময় , আপডেট সময় : ২০ মে ২০২৬, দুপুর ২:৪৩ সময়

বাংলাদেশে ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক অর্থ লেনদেন সহজ করতে দ্রুত পেপ্যাল সেবা চালুর আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানীতে অনুষ্ঠিত ‘মেগা ইউনিটি কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠানে তারা এ আশ্বাস দেন। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আয়োজিত এ আয়োজনটি ছিল দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের অংশ।


অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের আয় শুরু সহজ করতে একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ঘরে বসে কাজ করে আয়ের সুযোগ পাবেন। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে পেপ্যাল চালুর প্রতিশ্রুতি রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। তিনি আশা প্রকাশ করেন, পেপ্যাল চালু হলে ফ্রিল্যান্সাররা সহজেই বৈদেশিক আয় দেশে আনতে পারবেন।


তিনি আরও বলেন, দেশের শিক্ষিত বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং বড় সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠছে। পরে তিনি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কার্যালয় ও ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন অনলাইন পেশা থেকে অর্জিত বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে। এ জন্য পেপ্যালসহ আন্তর্জাতিক অর্থ লেনদেন সেবাগুলো বাংলাদেশে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ৬৪ জেলায় ৭১টি শাখার মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯