আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৬ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি সাচ্চা কাউকে হালুয়া রুটির লোভে রাজদলে ভাড়া করতে পারেনি। গুটি কয়েক উচ্ছিষ্ট পূর্ব থেকে দল বিতাড়িত, কিছু গণধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। মানে এটা কী ধরনের ছোটলোকি! আমরা বিভিন্ন পাড়ায়-মহল্লায় শুনি কিছু মানুষজন থাকে নীতিহীন, নীতি-বিবর্জিত তারা পাশের বাড়ির কাজে লোককে ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে।
তিনি আরও বলেন, এসব মানুষদের অন্যান্য মানুষরা, ভদ্রলোকরা যারা সুশীল, সুশিক্ষিত মানুষরা এরা খুবই অবজ্ঞার চোখে দেখে, বাজে মানুষ হিসেবে দেখে। এখন সেই দলে পড়েছে আওয়ামী লীগ, লোক ভাগানোর দলে পরিণত হয়েছে তারা। কাজের লোক ভাগিয়ে নিয়ে যায় সেই সমস্ত ব্যক্তিদের সমপর্যায় এখন আওয়ামী লীগ।