রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হচ্ছে এবং বিশেষ আদালতে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, “রামিসা হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও অন্যান্য রিপোর্ট সংগ্রহ করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে বিশেষ আদালতের ছুটিও বাতিল করা হতে পারে।” এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার আদালতে হাজির করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ, ভিসেরা ও ময়নাতদন্ত রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং এগুলো আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে ২০ মে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।