রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার (২৪ মে) মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেওয়া হবে। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্র দাখিলের পর আজই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি দ্রুত বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে।
বর্তমানে প্রধান আসামি সোহেল রানাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তার রয়েছেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়। এদিন আদালতে উপস্থিত হয়ে রাষ্ট্রপক্ষের নবনিযুক্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু সাংবাদিকদের বলেন, মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে। পরে ঘটনাটি আড়াল করার চেষ্টা হিসেবে মরদেহ বিকৃত করা হয়। ঘটনার পর সোহেল পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না আক্তার বাসাতেই ছিলেন।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের মাত্র পাঁচ দিনের মাথায় এই আলোচিত মামলার চার্জশিট আদালতে জমা দিতে যাচ্ছে পুলিশ।