বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (১ জুন) ঢাকায় পৌঁছায় আইসিসির এই প্রতিনিধি দল। আইসিসি এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, আইসিসির দুই প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং ট্যাভেঙ্গওয়া মুকুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) বাংলাদেশ সফরে এসেছেন। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করবেন এবং দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
বিসিবির নেতৃত্ব পরিবর্তন এবং নির্বাচনী প্রস্তুতির মধ্যে এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাড-হক কমিটি বিসিবি পরিচালনা করছে। এর আগে গত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আগের বোর্ড ভেঙে দিয়ে অ্যাড-হক কমিটি গঠন করা হয়।
এনএসসির পক্ষ থেকে জানানো হয়, তদন্তে পূর্ববর্তী নির্বাচনী প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি পাওয়া গেছে, যা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেছিল। নতুন গঠিত অ্যাড-হক কমিটিকে তিন মাসের মধ্যে একটি নির্বাচিত বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ সময়ে তারা পূর্ণ ক্ষমতা নিয়ে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।