ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল বহনে আরোপিত নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সমর্থক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রবল আপত্তির পর নতুন নীতিমালা ঘোষণা করা হয়েছে, যার ফলে নির্দিষ্ট শর্তে দর্শকেরা পানির বোতল সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। শুক্রবার প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, বিশ্বকাপের যেকোনো ম্যাচে দর্শকেরা একটি নরম প্লাস্টিকের, একবার ব্যবহারযোগ্য এবং কারখানায় সিল করা পানির বোতল সঙ্গে নিতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে ধাতব বা শক্ত প্লাস্টিকের পুনর্ব্যবহারযোগ্য বোতল বহনের অনুমতি থাকবে না।
এর আগে স্টেডিয়াম পরিচালনা সংক্রান্ত নির্দেশিকায় স্বচ্ছ ও খালি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল বহনের সুযোগ রাখা হয়েছিল। পরে হালনাগাদ নির্দেশনায় সব ধরনের পুনর্ব্যবহারযোগ্য বোতল নিষিদ্ধ করা হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, খেলোয়াড়, ম্যাচ পরিচালনাকারী, স্বেচ্ছাসেবক, কর্মী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আয়োজক দেশগুলোর বিভিন্ন অঞ্চলে উচ্চ তাপমাত্রার পূর্বাভাস থাকায় এই সিদ্ধান্তকে অমানবিক বলে সমালোচনা করেন অনেকেই।
সমর্থকদের একটি সংগঠন অভিযোগ করে, এমন সিদ্ধান্তের ফলে দর্শকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য করা হতে পারে। একই সঙ্গে একাধিক নগর প্রশাসক ও জনপ্রতিনিধিও প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি বহনের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। ক্রমবর্ধমান চাপ ও সমালোচনার পর অবশেষে আগের অবস্থান থেকে সরে এসে দর্শকদের জন্য সীমিত পরিসরে পানির বোতল বহনের অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।