নাটোরের সিংড়া উপজেলায় ট্রান্সফরমার ও সেচযন্ত্র চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ উপজেলার ইটালি ইউনিয়নের রাতাল মাঠ থেকে চার কৃষকের চারটি সেচ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কৃষক ইউনুস আলী, মোহাম্মদ আলী, শাহজাহান আলী ও আব্দুস সালাম বেগের ব্যবহৃত সেচ ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার সকালে মাঠে গিয়ে কৃষকেরা বিষয়টি জানতে পারেন।
এদিকে চলতি বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার ও সেচযন্ত্র চুরির অর্ধশতাধিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উত্তর দমদমা, কয়ড়াবাড়ি, বুড়িকদমা, বিজয়নগর ও ইন্দ্রাসনসহ একাধিক গ্রামে একই ধরনের চুরির অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক এলাকায় কৃষকেরা নিজেদের উদ্যোগে রাতের পাহারার ব্যবস্থা করেছেন। স্থানীয়দের দাবি, যেখানে পাহারা নেই, সেসব এলাকাতেই চুরির ঘটনা বেশি ঘটছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, চলনবিল অঞ্চলে এ বছর ট্রান্সফরমার ও সেচযন্ত্র চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কৃষকেরা দ্রুত চোরচক্র শনাক্ত ও চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।