কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। নিহত শিশুটির নাম সিমরান। সে কুমিল্লা নগরীর নুরপুর এলাকার বাসিন্দা শিমুল মিয়ার মেয়ে। বিষয়টি রোববার (৭ জুন) নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বশীল চিকিৎসক জানান, শিশুটি জ্বর, শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। একই সঙ্গে সে নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। সংকটাপন্ন অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, ফলে তারা সহজেই অন্যান্য সংক্রমণে আক্রান্ত হতে পারে। এ কারণে শিশুদের জ্বর, কাশি বা সর্দির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে কুমিল্লায় হাম আক্রান্ত ও হাম-সন্দেহজনক রোগীদের মধ্যে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হামে আক্রান্ত হয়ে এবং বাকি ১০ জনের মৃত্যু হাম-সন্দেহজনক উপসর্গ নিয়ে হয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।