হাম ও রুবেলা টিকা সময়মতো আমদানি না করার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আবেদনটি নাকচ করে দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত তার বক্তব্য গ্রহণের পর আদেশের জন্য আবেদনটি বিবেচনায় রাখেন এবং পরে খারিজের সিদ্ধান্ত দেন। মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকও ছিলেন।
আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্বে অবহেলা ও সিদ্ধান্তগত বিলম্বের কারণে হাম-রুবেলা টিকার সংকট তৈরি হয়েছিল, যার ফলে বিপুলসংখ্যক শিশু স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। অভিযোগকারী দাবি করেন, সময়মতো টিকা সরবরাহ নিশ্চিত না করায় জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে এবং বহু পরিবার ভোগান্তির মুখে পড়ে।
মামলার আবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে টিকা সংগ্রহের প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে নতুন প্রক্রিয়ায় টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়ায় সরবরাহে বিলম্ব দেখা দেয়। এ বিষয়ে আগাম সতর্কবার্তা থাকার পরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তবে আদালত উপস্থাপিত তথ্য ও অভিযোগ পর্যালোচনা করে মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত আইনি ভিত্তি খুঁজে না পাওয়ায় আবেদন খারিজ করে দেন।