কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি বা সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন

৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময় , আপডেট সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি বা সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যবসা-বাণিজ্য গতিশীল করা, চলতি মূলধনের সংকট দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।


নতুন এই তহবিলের নাম দেওয়া হয়েছে ‘সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল’। প্রাথমিকভাবে এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর। এই তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে অর্থায়ন পাবে। আর উদ্যোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে চলতি মূলধন ঋণ বিতরণ করা যাবে।


প্রচলিত ব্যাংকের পাশাপাশি ইসলামিক শরিয়াভিত্তিক ব্যাংক ও ইসলামী উইন্ডোগুলোও নিজস্ব পদ্ধতিতে এই সুবিধা দিতে পারবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব সচল কুটির, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না, তারাই এই ঋণ সুবিধা পাবে। তবে সিআইবি তালিকাভুক্ত কোনো ঋণখেলাপি এই তহবিলের আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন না।


নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, উদ্যোক্তারা ঋণ নেওয়ার পর তিন থেকে ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড পাবেন, অর্থাৎ এই সময়ে কিস্তি পরিশোধ করতে হবে না। এছাড়া নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত কোনো ফি বা কমিশন নেওয়া যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, প্রয়োজনে তারা ঋণ প্রক্রিয়ার যেকোনো ধাপ পর্যালোচনা ও সরেজমিনে পরিদর্শন করতে পারবে, যাতে তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়।


সব মিলিয়ে, সিএমএসএমই খাতকে চাঙ্গা করতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কার্যক্রম সহজ করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯