২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ব্যক্তিজীবন আবারও আলোচনায় এসেছে। দীর্ঘদিনের সঙ্গী কামিলা মায়ানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর এবার তিনি আইনি জটিলতায় পড়েছেন। ২৫ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে কামিলা মায়ানের প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার প্রায় দুই বছর পর মায়ান ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন।
মামলায় তিনি অভিযোগ করেন, সম্পর্ক চলাকালে তিনি ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে প্রায় তিন বছর কাটিয়েছেন এবং সেই সময়ের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য। পাশাপাশি নিজের কিছু ব্যক্তিগত জিনিসপত্র আটকে রাখার অভিযোগও তোলেন তিনি। মায়ানের দাবি, তার এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর ম্যাক অ্যালিস্টার হঠাৎ করেই সম্পর্কের ইতি টানেন। বর্তমানে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ওই বান্ধবী আইলেন কোভার সম্পর্ক রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই এবং প্রত্যেকে নিজ নিজ পথে এগিয়ে গেছেন। তিনি আরও জানান, বিষয়টি আদালতে বিচারাধীন এবং সেখানেই এর নিষ্পত্তি হবে। মায়ানের আইনজীবী ইগনাসিও ত্রিমার্কো দাবি করেন, তার মক্কেল বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি, বরং অপর পক্ষই বিষয়টিকে সামনে এনেছে। অন্যদিকে ম্যাক অ্যালিস্টারের মা সিলভিনা রিয়েলা বলেন, তারা আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখছেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছেন। বিশ্বকাপ জয়ের পর ম্যাক অ্যালিস্টার ব্রাইটন ছেড়ে লিভারপুলে যোগ দেন। মাঠের পারফরম্যান্স ভালো থাকলেও ব্যক্তিজীবনের এই আইনি লড়াই এখনো আলোচনার কেন্দ্রেই রয়েছে।