ভারত থেকে বিধিবহির্ভূতভাবে বাংলাদেশিদের সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৩৭ সময় , আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৩৭ সময়

ভারত থেকে বিধিবহির্ভূতভাবে বাংলাদেশিদের সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, কোনো দেশের অবৈধ নাগরিককে ফেরত পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসরণ করা উচিত এবং বাংলাদেশও একই নিয়ম মেনেই নিজ ভূখণ্ডে অবস্থানরত অবৈধ বিদেশিদের নিজ দেশে পাঠাবে।


শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর অভিযোগে ইতোমধ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে। সরকারের প্রত্যাশা, প্রতিবেশী দেশটি নির্ধারিত আইনি কাঠামো অনুসরণ করে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠাবে।


তিনি আরও বলেন, বাংলাদেশে যদি কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে অবস্থান করে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। এ বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, প্রচলিত সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও এখন তথ্য প্রচারের অন্যতম বড় মাধ্যম হয়ে উঠেছে। তবে ভুল তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ায় সচেতনতা বাড়ানো জরুরি।


তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা বিভিন্ন মতের বিরুদ্ধে ভুয়া তথ্যভিত্তিক সংবাদ তৈরি ও প্রচার করা হচ্ছে। একটি মিথ্যা খবরও একজন মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গুরুতর ক্ষতি ডেকে আনতে পারে। তাই যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করা অত্যন্ত প্রয়োজন। এ সময় তিনি ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এর আগে দোয়া ও আনুষ্ঠানিকতার মাধ্যমে সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯