ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি আরও বেশি কৃতজ্ঞ থাকা উচিত। রোববার (১৪ জুন) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতার পথে একাধিক জটিলতা তৈরি হয়েছিল। তার অভিযোগ, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চূড়ান্ত চুক্তি ভেস্তে যাওয়ার উপক্রম করেছিল। এ সময় তিনি নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ বলেও উল্লেখ করেন।
ট্রাম্পের দাবি, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ত এবং দেশটি খুব অল্প সময়ের মধ্যেই বড় বিপর্যয়ের সম্মুখীন হতো। তাই যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি ইসরায়েলের মূল্যায়ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে ভবিষ্যতে আবারও সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে।
তার ভাষ্য, ইরানের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার চাপই দেশটিকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনেছে এবং সমঝোতার পথে হাঁটতে বাধ্য করেছে। তিনি মনে করেন, ওই হামলাগুলোর প্রভাবই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।