সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব আগেভাগে ভেঙে ফেলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। নির্ধারিত সময়ের আগে যেসব গ্রাহক তাদের হিসাব নগদায়ন বা বন্ধ করেছেন, তারা এখন কোনো ধরনের ফি বা চার্জ ছাড়াই তা পুনরায় চালু করার সুযোগ পাবেন। সোমবার ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, চলতি মাসের ১ থেকে ১৫ জুনের মধ্যে যেসব এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস ও এমএসএস হিসাব বন্ধ বা নগদায়ন করা হয়েছে, সেগুলো পুনরায় সচল করার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে গ্রাহকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে নিজ উদ্যোগে আবেদন করতে হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পুনরায় হিসাব চালুর ক্ষেত্রে কোনো ধরনের চার্জ বা অতিরিক্ত খরচ নেওয়া হবে না। পাশাপাশি বন্ধ করার আগ পর্যন্ত যে হারে মুনাফা বা সুবিধা পাওয়ার কথা ছিল, তা-ও বহাল থাকবে। মূলত গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং নগদ প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে আরও বলা হয়, দেশের সব শাখা ও উপশাখাকে দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ হওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে।