বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার সকালে তিনি প্রাচীন গৌড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। একই সঙ্গে ঐতিহ্যবাহী সোনামসজিদ এবং সোনামসজিদ স্থলবন্দরও পরিদর্শন করেন। সফরের সময় তিনি স্থলবন্দরের কার্যক্রম ও ইমিগ্রেশন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
এ ছাড়া সোনামসজিদ সীমান্ত ফাঁড়িতে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সীমান্ত নিরাপত্তা, ব্যবস্থাপনা ও বন্দর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্যও জানেন মার্কিন এই কূটনীতিক।
পরিদর্শনের এক পর্যায়ে প্রাচীন গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি তুলতে দেখা যায় তাকে। স্থানীয় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সফরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূতকে এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সীমান্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।