আগামী ২১ জুন প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশে রওনা দেবেন। চীনে চার দিনের সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২১ জুন ঢাকা ত্যাগ করবেন। পরদিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।
সফরের অংশ হিসেবে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিভিন্ন খাতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইসকান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টস, এয়ার এশিয়া এবং পেট্রোনাস গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
চীনে সফরের অংশ হিসেবে ২২ জুন ডালিয়ান শহরে পৌঁছানোর পর তিনি বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। একই দিনে তিনি ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক একটি সেশনে বক্তব্য দেবেন।
সফরের তৃতীয় দিনে ডালিয়ানে অনুষ্ঠিত ডব্লিউইএফ-এর নিউ চ্যাম্পিয়নস সম্মেলনের ১৭তম বার্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের চতুর্থ ও শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সফর শেষে ২৫ জুন বেইজিং থেকে দেশে ফেরার কথা রয়েছে তার।