আগামী ২০ জুলাই মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতের বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এ সমস্যা মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে, যাতে পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা যায়। তিনি আরও জানান, খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে র্যান্ডমভাবে খাতা যাচাই করা হবে, যাতে নম্বর প্রদানে কোনো অনিয়ম বা অসঙ্গতি না থাকে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস প্রতিরোধে তিনি নিজে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস (বিজি প্রেস) পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং পুরো প্রক্রিয়ায় কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘নকল’ শব্দটি শিক্ষা ব্যবস্থা থেকে অনেক আগেই দূর করার চেষ্টা করা হয়েছে। তবে এখন ডিজিটাল মাধ্যমে নতুন ধরনের নকলের প্রবণতা দেখা দিচ্ছে, যা প্রযুক্তিগত উপায়ে প্রতিরোধ করতে হবে।
এ সময় তিনি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রসার নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, শুধু অনার্স কোর্স খোলার প্রবণতা কমিয়ে বাস্তবভিত্তিক শিক্ষার দিকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।