ইবোলা ভাইরাসের সংক্রমণ বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আফ্রিকার তিন দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলো থেকে আগত যাত্রীদের জন্য ভিসা প্রদান ও সৌদিতে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞাটি শুধু সরাসরি ওই দেশগুলো থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে নয়, বরং অন্য কোনো দেশ হয়ে সৌদিতে প্রবেশের চেষ্টা করলেও তা কার্যকর হবে। এছাড়া সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ দেশগুলোর যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তাহলেও তিনি এই বিধিনিষেধের আওতায় পড়বেন।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক রোগের আন্তর্জাতিক বিস্তার প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সৌদি নাগরিকদেরও আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইবোলা সংক্রমণের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশটির জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বাস্থ্য পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত রয়েছে।