দেশের প্রচলিত জুলাই-জুন ভিত্তিক অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর মেয়াদে অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, বর্তমান অর্থবছরের কাঠামোর কারণে উন্নয়ন কাজের একটি বড় অংশ বছরের শেষ দিকে গিয়ে সম্পন্ন করতে হয়, যা অপচয় ও অনিয়মের ঝুঁকি বাড়ায়। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, অর্থবছরের শেষ সময়ে বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দ্রুত প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলে। ফলে বছরের অধিকাংশ সময় কাজের গতি ধীর থাকলেও শেষ মুহূর্তে অতিরিক্ত ব্যয়ের প্রবণতা দেখা যায়।
তিনি বলেন, ক্যালেন্ডারভিত্তিক অর্থবছর চালু করা হলে উন্নয়ন কর্মকাণ্ড আরও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাজেট সংসদে পাস হলেও এর বাস্তবায়নের দায়িত্ব মূলত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বর্তায়। তাই জনগণের করের অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি প্রয়োজন।
বর্তমানে দেশে অর্থবছর শুরু হয় প্রতি বছরের ১ জুলাই এবং শেষ হয় পরবর্তী বছরের ৩০ জুন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে অর্থবছরের মেয়াদ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।