জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় হত্যাকাণ্ড ও আন্দোলন দমনে ভূমিকার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময় , আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় হত্যাকাণ্ড ও আন্দোলন দমনে ভূমিকার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করা হবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের বিচার শেষে এ রায় দিতে যাচ্ছে ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণা করবেন। গত ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন নির্ধারণ করে।


মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা, দমন-পীড়ন এবং বলপ্রয়োগে উসকানি দেওয়ার সঙ্গে ইনুর সম্পৃক্ততা ছিল। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উৎসাহ দিয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দমনমূলক পদক্ষেপে ভূমিকা রেখেছেন।


প্রসিকিউশনের দাবি, তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের পক্ষে অবস্থান নেন। অন্যদিকে আসামিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে আদালতে নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। এই মামলায় তদন্ত কর্মকর্তা-সহ মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন। অপরদিকে আসামিপক্ষের হয়ে সাক্ষ্য দিয়েছেন দুইজন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকের রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়ের মাধ্যমে বহুল আলোচিত এই মামলার বিচারিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্বের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯