জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত জাতীয় বাজেট তাদের দলের প্রস্তাবিত ছায়া বাজেটের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় শফিকুর রহমান বলেন, বাজেটে প্রান্তিক ব্যবসায়ী ও মুদি দোকানের অগ্রিম কর সংক্রান্ত বিষয়, সাইকেলের যন্ত্রাংশে কর অব্যাহতি এবং বিভিন্ন খাতে বিরোধী দলের দেওয়া বেশ কয়েকটি প্রস্তাব বিবেচনায় নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো উচিত। তিনি আরও বলেন, ৬১টি প্রয়োজনীয় পণ্যে কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর সুফল যদি সাধারণ মানুষ বাজারে না পান, তাহলে ধরে নিতে হবে মধ্যস্বত্বভোগী ও অসাধু চক্রই এর সুবিধা ভোগ করবে।
বিরোধীদলীয় নেতা অতীতের সংসদীয় নির্বাচনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে গঠনমূলক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। জুলাই সনদ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে জামায়াতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি জানান, জুলাই সনদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দলটি আন্দোলন চালিয়ে যাবে এবং এ বিষয়ে তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।