প্রশাসনিক কার্যক্রমে জটিলতা কমাতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সম্পূর্ণ এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং অন্য অংশ গাজীপুরের কালীগঞ্জ এলাকায় অবস্থিত। একাধিক জেলার প্রশাসনিক সীমার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় প্রকল্প পরিচালনায় বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছিল। এ কারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে পুরো প্রকল্প এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিকার সভায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন পায়। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাবেও সম্মতি দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবা প্রদান সহজতর হবে।