দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, যারা দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন, তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা করা হবে। প্রয়োজন হলে সরকার ভর্তুকিও প্রদান করবে। শনিবার (৪ জুলাই) পাবনার ঈশ্বরদীতে একটি চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নেও কাজ চলছে। তিনি বলেন, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, নতুন এই চিকিৎসা সরঞ্জাম উৎপাদন কারখানা দেশের স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর ফলে চিকিৎসা যন্ত্রপাতির আমদানিনির্ভরতা কমবে এবং হাসপাতালগুলো তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে পারবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সরকারি ব্যস্ততার কারণে তিনি সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এ সময় প্রতিমন্ত্রী তার নির্বাচনি এলাকায় কিডনি ডায়ালাইসিস সেন্টার ও একটি ডায়াবেটিস হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, গবেষক, স্থানীয় রাজনৈতিক নেতা এবং শিল্পপ্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কারখানার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর এক বছরেরও বেশি সময়ের প্রস্তুতি শেষে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হলো।