মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় আবারও বড় ধরনের বিদ্যুৎ সংকটে পড়েছে কিউবা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশটির জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শুক্রবার (১০ জুলাই) কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে সর্বশেষ এই বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির সরকার।
এর আগে গত সোমবারও একই ধরনের বিদ্যুৎ বিভ্রাটে পুরো দেশ অন্ধকারে ডুবে যায়। চলতি বছর এ নিয়ে চারবার জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ল। মার্চ মাসেই দুই দফা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল দেশটি। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহে কিউবা চরম চাপে রয়েছে। ষাটের দশক থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্যিক অবরোধ দেশটির অর্থনীতি ও বিদ্যুৎ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার শাসকগোষ্ঠীর ওপর আরও কঠোর নীতি গ্রহণ করেন। বিশেষ করে বিদেশি জ্বালানি সরবরাহে নতুন বিধিনিষেধ আরোপের ফলে দেশটির বিদ্যুৎ উৎপাদন আরও সংকটে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন দেওয়া হয়। সমাজতান্ত্রিক নেতা হিসেবে পরিচিত মাদুরো কিউবা সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।
সূত্র: আল জাজিরা।