ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের সাথে অভিমান করে বিষপানে জুনায়েদ মিয়া (১৭) নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রেমিক জুনায়েদ উপজেলায় খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র ও সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করেন। এসময় তার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
জুনায়েদ বৃহস্পতিবার কলেজ থেকে নিজ বাড়ি না এসে চলে যায় ঈশ্বরগঞ্জ উপজেলায় কিশোরীর নানার বাড়িতে। সেখানে অবস্থান করা কিশোরীর সঙ্গে অভিমানে তিনি বিষপান করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান রাশেদ জানান, ঘটনাটি ঈশ্বরগঞ্জ উপজেলার। তাই সেখানকার পুলিশ বিষয়টি দেখবে। তাছাড়া ছেলেটি যেহেতু ময়মনসিংহ হাসপাতাল মারা গেছেন তাই সংশ্লিষ্ট পুলিশ বিষয়টি দেখবে।