হরমুজ প্রণালীতে চলাচলকারী দুটি সুপার ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীটির দাবি, ইরানি কর্তৃপক্ষের একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে নির্ধারিত নিরাপদ পথের পরিবর্তে ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করায় ট্যাংকার দুটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ফলে দুটি সুপার ট্যাংকার অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, ট্যাংকার দুটি চলাচলের সময় নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং নির্দেশনা অমান্য করে মাইন থাকার আশঙ্কা রয়েছে এমন একটি পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল।
এর আগে সংযুক্ত আরব আমিরাত জানায়, ওমানের জলসীমায় থাকা দুটি ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ওই হামলায় একটি ট্যাংকারের একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলেও দাবি করা হয়। কয়েক ঘণ্টা পর ইরানের বিপ্লবী বাহিনী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। তবে বিবৃতিতে আক্রান্ত ট্যাংকারগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটি নিয়ে এখনো বিভিন্ন প্রশ্নের উত্তর মিলেনি।
হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
সূত্র: সিএনএন