সংবিধান সংশোধনকে কেন্দ্র করে জাতীয় সংসদে রাজনৈতিক উত্তাপের মধ্যে চিফ হুইপ মো. নূরুল ইসলাম স্পষ্ট করেছেন, গঠিত কমিটির কাজ নতুন সংবিধান প্রণয়ন করা নয়; বরং প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ করা। তিনি বলেন, সংবিধান নতুন করে লেখার কোনো সুযোগ নেই। সোমবার জাতীয় সংসদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ জানান, সংবিধান সংশোধন একটি যৌথ প্রক্রিয়া এবং এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ কাম্য। বিরোধী দলের ওয়াকআউটকে তিনি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করলেও বলেন, বিষয়টি পুরোপুরি না বুঝেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য দরজা এখনো খোলা রয়েছে। তারা চাইলে যেকোনো সময় সদস্যদের নাম দিলে তা অন্তর্ভুক্ত করা হবে। গণভোটের রায়কে উপেক্ষা করা হয়নি বলেও দাবি করেন চিফ হুইপ। তার ভাষ্য, এ ইস্যুতে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অন্যদিকে, সংসদ থেকে ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রতিবাদেই তারা সংসদ বর্জন করেছেন এবং একই সঙ্গে রাজপথেও কর্মসূচি চালিয়ে যাবেন। উল্লেখ্য, এদিন জাতীয় সংসদে ১৭ সদস্যের সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের সময় বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।