সংবিধানে গণভোটের বিধান নেই—সরকারি দলের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ১০:৭ সময় , আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ১০:৭ সময়

সংবিধানে গণভোটের বিধান নেই—সরকারি দলের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যদি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের ফল অস্বীকার করা হয়, তাহলে একই যুক্তিতে ২০২৬ সালে নির্বাচন আয়োজনেরও সুযোগ নেই; কারণ বিদ্যমান সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচনের সময় নির্ধারিত রয়েছে ২০২৯ সালে। সোমবার রাতে জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন। তার দাবি, ছাত্র-জনতার আন্দোলনের পর জনগণের প্রত্যাশার ভিত্তিতেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং সেই ধারাবাহিকতায় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাই একটি প্রক্রিয়াকে বৈধ এবং অন্যটিকে অবৈধ বলা যৌক্তিক নয়।


তিনি আরও বলেন, সরকার গঠনের ক্ষেত্রে ৫১ শতাংশ ভোটকে বৈধ হিসেবে গ্রহণ করা হলে গণভোটে ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষের সমর্থন পাওয়া রায়কেও সমানভাবে সম্মান জানাতে হবে। বৃহত্তর জনগণের মতামত উপেক্ষা করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচনের পর সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা ছিল। বিরোধী দলের সদস্যরা দুটি শপথ নিলেও সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে জনগণের দেওয়া অঙ্গীকার পূরণ করেনি বলে অভিযোগ করেন তিনি।


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার ক্ষুণ্ন হলে বিরোধী দল নীরব থাকবে না। সংসদ থেকে ওয়াকআউট সেই আন্দোলনেরই অংশ। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বিরোধী দল শুরু থেকেই গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার নতুন করে সংবিধান সংশোধন কমিটি গঠন করায় সেই কমিটির প্রতি তাদের কোনো নৈতিক সমর্থন নেই। এ কারণেই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলে জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯