হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর অতিরিক্ত ফি আরোপের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি অভিযোগ করে বলেন, এমন সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের আচরণ একটি ‘জলদস্যু রাষ্ট্রের’ মতো হবে। সোমবার সাও পাওলো রাজ্যে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে লুলা বলেন, আন্তর্জাতিক নৌপথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে অর্থ আদায়ের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে চলাচলের জন্য অর্থ আদায় আন্তর্জাতিক বাণিজ্যের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের বন্দর অবরোধ পুনর্বহালের পাশাপাশি নৌপথ সচল রাখার ব্যয় মেটাতে সেখানে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনার কথা জানান। এর জবাবে লুলা বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরোধিতা করে এসেছে। তাই এমন পদক্ষেপ নিলে দেশটির অবস্থানই প্রশ্নবিদ্ধ হবে এবং তা আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক বার্তা দেবে।
তিনি আরও সতর্ক করেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব ইতোমধ্যে ব্রাজিলের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। তেলের দামের ঊর্ধ্বগতির কারণে দেশটিতে চাল, শিম, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হয়েছে। বিশ্ববাজারে মূল্যস্ফীতির প্রভাব কমাতে ব্রাজিল সরকার এরই মধ্যে বেশ কিছু অস্থায়ী অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট লুলা জানান, অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপিত কর থেকে পাওয়া অর্থ মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে ব্যবহার করা হচ্ছে।
সূত্র: এএফপি