মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, যতক্ষণ না তিনি নিজেই তা বন্ধ করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে। তার ভাষায়, চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই রয়েছে এবং প্রয়োজন মনে করলে তিনি হামলা বন্ধের নির্দেশ দেবেন।
তিনি আরও দাবি করেন, ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আলোচনায় অগ্রগতি না হলে দেশটির গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে। তবে ওই বৈঠকে কী নিয়ে কথা হয়েছে বা কোনো অগ্রগতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।