সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী। একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং সত্য উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাহেরী বলেন, ঘটনাটি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির কথা বলছেন, আবার কেউ দ্বিতীয় বিয়ের দাবি করছেন। তবে প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যদি ভুল করে থাকেন, তাহলে সেটি আড়াল করার চেষ্টা না করে সত্য প্রকাশ করা উচিত। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ থাকা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। বক্তব্যে তাহেরী দাবি করেন, ধর্মীয় মূল্যবোধের কথা বললেও বাস্তবে তার বিপরীত আচরণ করলে তা সমাজের জন্য নেতিবাচক বার্তা বহন করে। তিনি বলেন, যারা নৈতিকতার শিক্ষা দেন, তাদের ব্যক্তিগত জীবনেও সেই নৈতিকতার প্রতিফলন থাকা জরুরি।
নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, জনসমক্ষে ধর্মীয় অনুশাসনের কথা বলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একই আদর্শ অনুসরণ করা প্রয়োজন। অন্যথায় মানুষের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। সাম্প্রতিক এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এদিকে ভাইরাল ভিডিও এবং সংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক অব্যাহত রয়েছে।