রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চরকালীগঞ্জ বড়ইতলা এলাকার একটি ডকসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা কচুরিপানার মধ্যে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও নীল রঙের গেঞ্জি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি চার থেকে পাঁচ দিন পানিতে ভাসমান অবস্থায় ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় হাত-পায়ের চামড়া খসে যাওয়ায় আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি, ফলে পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়েছে।
এদিকে গত ১৮ জুলাই দায়ের করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির সূত্র ধরে সাভার থেকে একটি পরিবার মর্গে এসে মরদেহটি শনাক্তের চেষ্টা করছে। তবে এটি তাদের নিখোঁজ স্বজনের মরদেহ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটির প্রকৃত পরিচয় শনাক্তে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।