আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এই আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই জানানো হবে। এদিকে ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময়ই এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক—এটাই প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আশা করে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত তার নাগরিকদের উদ্বেগ ও দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।