স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কোনো শক্তির দেশে রাজনীতি করার অধিকার নেই। তার মতে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই দলটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। বরং রাজনৈতিক দল হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দলটির পরিণতি নির্ধারণ করা উচিত। জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি হঠাৎ করে ঘটেনি; দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিক ফলাফল হিসেবে এই অভ্যুত্থান এসেছে। নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ বন্ধ হয়ে গেলে রক্তাক্ত আন্দোলন অনিবার্য হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কোনো একক ব্যক্তি বা দলের সম্পদ হিসেবে দেখার সুযোগ নেই। সবার সম্মিলিত অবদানের কারণেই এই পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি। সংবিধান সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী প্রয়োজন, যা দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোকে শক্তিশালী করবে। এ সময় তিনি গুমের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং গণরায়ের আলোকে সংবিধান সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান।