সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ২:৪ সময় , আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ২:৪ সময়

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য দুই বাসের চালকের গাফিলতি ও অতিরিক্ত গতিকে দায়ী করছে পুলিশ। শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের বাস দুটির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুই বাসের চালকই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মহাসড়কটি তুলনামূলক ফাঁকা ছিল। এ কারণে দুই বাসই দ্রুতগতিতে চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চালকেরা ‘ঘুমঘুম চোখে’ গাড়ি চালাচ্ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ধারণা করছে, ইউনিক পরিবহনের বাসটির পেছনে থাকা একটি গাড়ির ক্যামেরায় ভিডিওটি ধারণ করা হয়।


ভিডিওতে দেখা যায়, বেঙ্গল পরিবহনের বাসটি একটি পিকআপকে অতিক্রম করার সময় সড়কের বিপরীত পাশে চলে আসে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের বাসটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুই বাসই দুমড়েমুচড়ে যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে সাতজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের হাজী সাইফুল ইসলাম, সিলেটের চণ্ডিপুর এলাকার তিন বছর বয়সী শিশু জায়ফা, সিলেট নগরের সপ্তম রায় প্রিতম, কিশোরগঞ্জের বাউলশিল্পী পেহেলী ভৈরবী এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আবুল হোসেন।


শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফাঁকা মহাসড়কে অতিরিক্ত গতিতে চলার সময় একে অপরকে অতিক্রম করার প্রতিযোগিতার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। চালকদের গাফিলতি ও ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্তের কাজও চলছে। বর্তমানে সাতজনের মরদেহ শেরপুর হাইওয়ে থানায় এবং দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯