জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা শুধু সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে না দিয়ে তরুণদেরই এর পাহারাদার হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নিজের দেওয়া ভোটের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ অস্বীকার করার সুযোগ নেই। একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, একই মায়ের গর্ভে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে অন্যজনকে অস্বীকার করার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলের ক্ষেত্রেও কোনো একটি গ্রহণ করে অন্যটি প্রত্যাখ্যান করা গ্রহণযোগ্য নয়।
এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটির নেতারা জুলাই সনদ মেনে নেওয়ার কথা বলছেন। তবে গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের বিষয়ে তাদের আরও স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের নিয়োগের ফলে ঠিকাদারি, দরপত্র ও অর্থ ভাগাভাগির সুযোগ তৈরি হচ্ছে।
এ ছাড়া খুলনা বিভাগে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারী। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সম্মেলনে বক্তারা রাষ্ট্র সংস্কার, তরুণদের ভূমিকা এবং রাজনৈতিক অঙ্গনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।