যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। বুধবার (১৯ আগস্ট) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে উঠেছে। বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাই মূলত এই মূল্যবৃদ্ধির পেছনে কাজ করছে।
এর আগে মঙ্গলবারও তেলের দাম জুলাইয়ের শেষ দিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।