সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এই কমিটি গঠন শেষ করতে বলা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় একবারে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা যাবে। পরে ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে যেসব উপজেলায় কমিটি হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়েও আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নিতে বলা হয়েছে।
উপজেলা কমিটির নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও বয়সসহ বেশ কিছু শর্ত নির্ধারণ করেছে দলটি। নির্দেশনা অনুযায়ী, উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে ভালো। তবে কোনোভাবেই ৩০ বছরের কম বয়সী কাউকে সদস্যসচিব করা যাবে না। যারা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অথবা সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের আহ্বায়ক কিংবা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনের বাসস্থান শহর অথবা শহরের আশপাশে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দুজনের বাসস্থানই শহর বা শহরতলিতে হলে সেটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পরিচিতি, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সাংগঠনিক আনুগত্য এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি।
কমিটিতে নারী ও বিভিন্ন ধর্মীয় এবং জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা কমিটিতে অন্তত ৫ শতাংশ নারী সদস্য রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশনায় আরও জানানো হয়, আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে সব জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের অগ্রগতি সম্পর্কে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে প্রস্তুত করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।