নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর অপরাধের ঘটনা। বন্যার তীব্র স্রোতে ভেসে

নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৮ সময় , আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৮ সময়

নেপালে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর অপরাধের ঘটনা। বন্যার তীব্র স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের লকার উদ্ধার হওয়ার পর সেটি ভেঙে অর্থ নেওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রাসুয়া জেলার ভোটেকোশি নদীর স্রোতে ভেসে যায় লকারটি। পরে ধাদিং জেলার গালছি এলাকার বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে এটি পাওয়া যায়। লকারটি পাওয়ার পর স্থানীয় কয়েকজন সেটি ভেঙে ভেতরের অর্থ নিয়ে যায় বলে পুলিশের কাছে খবর আসে।


খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকার সমান। আটক ব্যক্তিদের বেশির ভাগই গালছি এলাকার মাস্তার গ্রামের বাসিন্দা। অন্যদের কয়েকজন আদমঘাট ও সিদ্ধালেক এলাকার বাসিন্দা। এছাড়া চিতওয়ান ও পারসার আদি বাসিন্দা কয়েকজন বর্তমানে ধাদিং এলাকায় বসবাস করছিলেন। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।


উদ্ধার হওয়া বিপুল অর্থের প্রকৃত মালিকানা ও উৎস কোথায়, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। এর মধ্যেই নেপালে আরও একটি হৃদয়বিদারক অপরাধের ঘটনা সামনে এসেছে। নারায়ণী নদীর স্রোতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে আসা ওই নারীর মরদেহ থেকে তারা কানের দুলের মতো একটি বস্তু খুলে নিচ্ছে। এদিকে ভয়াবহ বন্যায় নেপালের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে। নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৬৯।


শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই নিখোঁজের তালিকায় আরও বহু মানুষের নাম যুক্ত হয়েছে। পাশাপাশি ৫১৭ জন বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। বন্যার তিন দিন পরও বিভিন্ন এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ, নদীর তীব্র স্রোত ও দুর্গম পরিস্থিতির কারণে উদ্ধারকারীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই একদিকে চলছে প্রাণ বাঁচানোর লড়াই, অন্যদিকে বন্যার সুযোগ নিয়ে লুটপাট ও মরদেহের অলংকার চুরির মতো ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


সূত্র: এনডিটিভি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯