প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আগামী বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে মির্জা আব্বাসের। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে দেশে ফিরছেন তিনি।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
দীর্ঘ কয়েক মাসের চিকিৎসা ও পুনর্বাসন শেষে এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরে তিনি আবারও স্বাভাবিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হতে পারবেন বলে আশা করছেন তাঁর দলের নেতাকর্মীরা।