দৌড়ানোর জন্য জুতো কেনার সময় শুধু দেখতে সুন্দর, দামি কিংবা নামী প্রতিষ্ঠানের তৈরি কি না—এসব বিবেচনা করলেই হবে না। বরং নিজের পায়ের গঠন, দৌড়ানোর ধরন, দূরত্ব এবং জুতোর আরাম—সবকিছু মিলিয়ে সঠিক জুতো বেছে নেওয়া জরুরি। কারণ ভুল জুতো দীর্ঘসময় ব্যবহার করলে দৌড়ানোর সময় অস্বস্তি তৈরি হওয়ার পাশাপাশি পায়ে চাপ ও ঘর্ষণও বাড়তে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দৌড়ের জুতো কেনার আগে পাঁচটি বিষয় বিশেষভাবে যাচাই করা উচিত।
প্রথমত, শুরুতেই খুব দামি জুতো কেনার প্রয়োজন নেই। দৌড় শুরু করেছেন বলেই উন্নত প্রযুক্তির দামি জুতো কিনতে হবে—এমন কোনো নিয়ম নেই। নতুন দৌড়বিদদের জন্য আরামদায়ক এবং পায়ের সঙ্গে ভালোভাবে মানানসই সাধারণ জুতুই যথেষ্ট। বরং প্রথম জুতো কেনার সময় হাঁটার ক্ষেত্রে যে ধরনের জুতোতে সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তার কাছাকাছি ধরনের জুতো বেছে নেওয়া যেতে পারে।
দ্বিতীয়ত, প্রথমবার পরেই আরাম লাগছে কি না পরীক্ষা করুন। কোনো কোনো জুতো ব্যবহারের পর কিছুটা নরম হয়। তবে দৌড়ের জুতোর ক্ষেত্রে শুরুতেই চাপ, ঘষা কিংবা অস্বস্তি অনুভূত হলে সেটি পরবর্তীতে ঠিক হয়ে যাবে—এমন নিশ্চয়তা নেই। তাই কেনার আগে জুতো পরে কয়েক মিনিট হাঁটুন। পায়ের আঙুল সহজে নড়ছে কি না, গোড়ালিতে চাপ পড়ছে কি না এবং কোথাও ঘষা লাগছে কি না, সেসব খেয়াল করা জরুরি।
তৃতীয়ত, পায়ের দৈর্ঘ্যের পাশাপাশি প্রস্থও বিবেচনা করুন। অনেকেই শুধু পায়ের মাপ অনুযায়ী জুতো কিনে থাকেন। কিন্তু পা চওড়া হলে সরু জুতো দীর্ঘসময় পরে দৌড়ানোর ক্ষেত্রে অস্বস্তি তৈরি করতে পারে। তাই নিজের পায়ের গড়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রস্থের জুতো বেছে নেওয়া উচিত। একই ধরনের জুতো অনেক সময় সাধারণ, চওড়া ও আরও বেশি চওড়া—বিভিন্ন মাপে পাওয়া যায়।
চতুর্থত, জুতোর গোড়ালি ও সামনের অংশের উচ্চতার পার্থক্য বুঝে নিন। দৌড়ের জুতোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা দৌড়ানোর সময় গোড়ালি আগে মাটিতে ফেলেন, তাদের জন্য তুলনামূলক বেশি পার্থক্যের জুতো উপযোগী হতে পারে। অন্যদিকে যারা পায়ের মাঝামাঝি বা সামনের অংশে ভর দিয়ে মাটিতে নামেন, তারা কম পার্থক্যের জুতো বিবেচনা করতে পারেন। নিজের পায়ের ধরন সম্পর্কে নিশ্চিত না হলে বিশেষায়িত দোকানে পায়ের গঠন পরীক্ষা করিয়ে নেওয়া যেতে পারে।
পঞ্চমত, দীর্ঘ দূরত্ব দৌড়ালে জুতোর সামনের অংশে বাড়তি জায়গা রাখুন। দীর্ঘসময় দৌড়ানোর ফলে পা কিছুটা ফুলে যেতে পারে। তাই যারা নিয়মিত দীর্ঘ দূরত্ব দৌড়ান, তাদের জুতোর সামনের দিকে পর্যাপ্ত জায়গা থাকা প্রয়োজন। জুতো বেশি আঁটসাঁট হলে পায়ের আঙুলে চাপ ও ঘর্ষণ তৈরি হতে পারে। এতে নখে আঘাত লাগা কিংবা নখ কালচে হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
সব মিলিয়ে, দৌড়ের জুতো কেনার সময় জনপ্রিয়তা, দাম কিংবা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে পায়ের আরাম, সঠিক মাপ, প্রস্থ, দৌড়ানোর ধরন এবং ব্যবহারের উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে প্রথমবার জুতো কিনলে নিজের পায়ের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানানসই জুতো বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সূত্র: দ্য গার্ডিয়ান