বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করেছে। তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মতে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা।
বিবৃতিতে তিনি শহীদ জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার নেতৃত্ব ও ব্যক্তিত্ব দিয়ে বিএনপিকে দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তারেক রহমান আরও বলেন, দেশে যখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদানও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণ যখনই নির্ভয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে বিএনপি সরকার সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দীর্ঘ রাজনৈতিক সংকটের পর জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি। বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সবশেষে গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।