আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ২১ বছরের বর্ণিল অধ্যায়ের ইতি টেনেছেন ফুটবল জাদুকর লিওনেল

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৯ সময় , আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৯ সময়

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ২১ বছরের বর্ণিল অধ্যায়ের ইতি টেনেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। দীর্ঘ এই পথচলায় তিনি শুধু আর্জেন্টিনার সাফল্যের নায়কই হননি, গড়েছেন একের পর এক অবিশ্বাস্য রেকর্ড। ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মেসির। এরপর দেশের হয়ে খেলেছেন ২০৭টি ম্যাচ। করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৮টি গোল। ১১টি হ্যাটট্রিকসহ আর্জেন্টিনার ১৯৩টি গোলে সরাসরি অবদান রয়েছে তার।


মেসির নেতৃত্বে আর্জেন্টিনা পেয়েছে একের পর এক বড় সাফল্য। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়ের পর ২০২১ সালে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয়। তবে মেসির ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় আসে ২০২২ সালের বিশ্বকাপে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ সমতার পর টাইব্রেকারে জয় পেয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালে তিন গোল করেন মেসি। পুরো আসরে সাত গোল ও তিন অ্যাসিস্ট করে জেতেন গোল্ডেন বল।


এর আগে ২০১৪ বিশ্বকাপেও অসাধারণ পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল পেয়েছিলেন তিনি। ফলে বিশ্বকাপ ইতিহাসে দুইবার গোল্ডেন বল জয় করা প্রথম খেলোয়াড়ের রেকর্ড গড়েন মেসি। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। আর ২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বে ফাইনালে ওঠে দলটি। তবে স্পেনের কাছে এক গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। সেই ফাইনালই হয়ে রইল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।


বিশ্বকাপের মঞ্চেও মেসির রেকর্ডের শেষ নেই। তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা খেলোয়াড়দের একজন তিনি এবং তিন ফাইনালের প্রথম একাদশে থাকা একমাত্র খেলোয়াড়। বিশ্বকাপে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার পাশাপাশি করেছেন ২১ গোল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রেকর্ড ১৬ বার। বিশ্বকাপে ২৩টি ম্যাচে জয় নিয়ে এই তালিকাতেও সবার ওপরে মেসি। ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসারকে। এমনকি ৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলে সবচেয়ে বেশি বয়সে ফাইনালে নামার রেকর্ডও গড়েছেন তিনি।


আর্জেন্টিনার জার্সিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। ২০২২ সালে তিনি করেছিলেন ১৮ গোল। একটি জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময় ধরে সাফল্য, রেকর্ড আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পর এবার থামলেন লিওনেল মেসি। মেসি বিদায় নিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া রেকর্ড, শিরোপা আর কোটি ভক্তের ভালোবাসা তাকে ফুটবল ইতিহাসে চিরকাল বাঁচিয়ে রাখবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯