আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে অন্য কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য জানান।
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে এই মুহূর্তে জানানোর মতো নির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই। এর আগে বিএনপি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। পাশাপাশি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের বিশেষ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়।
তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের পর ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। ওই ঘটনার পর তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ঢাকা থেকে কিছু শর্তের কথা জানানো হয়। ঢাকার পক্ষ থেকে সফরের পরিবেশ তৈরির পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়টি গুরুত্ব দিয়ে বলা হয়েছে।
এর মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে গত মাসে খবর প্রকাশিত হয়, তারেক রহমান ২২ থেকে ২৩ আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন। সম্ভাব্য সফরকে ঘিরে দুই দেশেই প্রস্তুতি চলার খবরও প্রকাশিত হয়েছিল। তবে ওই সময়সীমা পেরিয়ে গেলেও সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে ঢাকায় এক ব্রিফিংয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত সফর করবেন কি না, সেই সিদ্ধান্ত মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপরই নির্ভর করছে।
সর্বশেষ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারও ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সামনে আসে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি মুখপাত্র রণধীর জয়সোয়াল। একই ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে শেখ হাসিনা কোনো উদ্বেগ প্রকাশ করেছেন কি না, সে সম্পর্কেও ভারত অবগত নয়। তার সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিষয়েও কোনো মন্তব্য করতে চাননি তিনি।