সরকার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ৬ দফার কর্মসূচি এক দফার দাবিতে পরিণত হবে

লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬ সময় , আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬ সময়

সরকার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ৬ দফার কর্মসূচি এক দফার দাবিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে। সকাল ৭টায় সমাবেশ শুরু হয়।


নাহিদ ইসলাম বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ দেশের বিভিন্ন সমস্যার মধ্যে আয়োজিত এই লংমার্চ সাধারণ মানুষের কর্মসূচি। যারা নতুন করে স্বৈরাচারী আচরণ করছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এ আন্দোলন। তিনি বলেন, যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। তবে এতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে ছয় দফা এক দফার দাবিতে রূপ নেবে।


নাহিদ ইসলাম আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই লংমার্চ। তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি। একই সঙ্গে গণভোটে বিপুলসংখ্যক মানুষের রায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই আন্দোলন বলে জানান তিনি। জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯