চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে প্যাকেজের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা। রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, হজ চলাকালে বাড়িভাড়া ও বিভিন্ন সেবা খাতে নির্ধারিত ব্যয়ের তুলনায় প্রকৃত খরচ কম হওয়ায় প্যাকেজের অর্থ থেকে টাকা সাশ্রয় হয়েছে। সেই সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যেক হাজি সমান পরিমাণ অর্থ ফেরত পাবেন না। কে কত টাকা পাবেন, তা নির্ভর করবে হজ প্যাকেজ, আবাসনের ধরন এবং সিটের আপগ্রেডেশনের ওপর।
হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররায় সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে ফেরত মিলবে ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আর দুই সিটের আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা। একই প্যাকেজে তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে পাবেন।
হজ প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনে ফেরত দেওয়া হবে ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা এবং আপগ্রেডেশনসহ শর্ট প্যাকেজে ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা। এ ছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত পাবেন।
৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা করে ফেরত পাবেন। তিন সিটের আপগ্রেডেশনের হাজিরাদের ফেরত দেওয়া হবে ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা। ৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন।
অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজিকে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাশ্রয় হওয়া অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করা হবে।