চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের প্রবেশপথের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের প্রবেশমুখের পাশে একটি পুরোনো ভবনের ওপর ব্যানার লাগাতে উঠেছিলেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে কিছুক্ষণ ঝুলে থাকেন। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বিদ্যুতের প্রধান সংযোগ বন্ধ করেন। এরপর বৈদ্যুতিক তার থেকে নিচে পড়ে যান তিনি। আরিফুলের সঙ্গে থাকা প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামির ইসলাম জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের গেটের পাশে একটি ছোট কক্ষের ওপর উঠেছিলেন আরিফুল। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক শিক্ষার্থীকে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছিল। তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় পরে আরিফুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে।