বরিশাল নগরের নতুন বাজার এলাকায় পৃথক দুটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজারের বন বিভাগের কার্যালয়ের পাশের এলাকায় ময়লা অপসারণ করছিলেন। এ সময় দুটি আলাদা ময়লার স্তূপে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দুই নবজাতকের একজন ছেলে এবং অন্যজন মেয়ে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এমন অমানবিক ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে গেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নবজাতক দুটির মরদেহ কীভাবে সেখানে এলো এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।