চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় শুভসূচনা করেছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে। তবে ২-১ ব্যবধানের জয় হলেও পুরো ম্যাচে স্বস্তিতে ছিল না স্বাগতিকরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার। তৃতীয় মিনিটে মার্কোস থুরামের হাফ ভলি এবং পরে হাকান চালহানোলুর ফ্রি-কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে রিয়ালকে বিপদমুক্ত করেন গোলরক্ষক থিবো কুর্তোয়া।
১৪তম মিনিটে ইন্টারের রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় রিয়াল। দুর্বল পাস থেকে বল দখলে নিয়ে ব্রাহিম দিয়াজ সেটি বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জাল কাঁপান ফ্রান্সের এই তারকা। ফলে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এর মাত্র নয় মিনিট পর আবারও ইন্টারের ভুলের সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। বেনজামিন পাভারের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক জোসেপ মার্তিনেজ দেরি করায় ছুটে গিয়ে বল কেড়ে নেন ভালভার্দে। এরপর ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে তাদের একটি শট ক্রসবারে লাগে। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইতালিয়ান ক্লাবটি। একের পর এক সুযোগ তৈরি হলেও রিয়ালের গোলরক্ষক কুর্তোয়া দুর্দান্ত কিছু সেভ করে দলকে এগিয়ে রাখেন। অবশেষে ৭৭তম মিনিটে ব্যবধান কমায় ইন্টার। লাউতারো মার্তিনেজের চমৎকার ক্রস থেকে জোরালো শটে গোল করেন কার্লোস অগুস্তো। ম্যাচ তখন ২-১। শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইন্টার। তবে কুর্তোয়ার দুর্দান্ত কয়েকটি সেভ রিয়ালের জয় নিশ্চিত করে। শেষ মুহূর্তে হেনরিখ মখিতারিয়ানের বিপজ্জনক শটও ঠেকিয়ে দেন তিনি।
এদিকে এই ম্যাচে গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে। প্রতিযোগিতায় ৯৯ ম্যাচে এটি তার ৭১তম গোল। এই গোলের মাধ্যমে রিয়ালের কিংবদন্তি রাউল গঞ্জালেসের ৭১ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এমবাপ্পের সামনে এখন রয়েছেন করিম বেনজেমা, রবার্ট লেভানডভস্কি, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে ফরাসি তারকার সামনে।