জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সংস্থার বাইরের কোনো সরকার বা অন্য কোনো পক্ষের নির্দেশনা গ্রহণ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সম্পূর্ণ সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, জাতিসংঘের সনদ ও আচরণবিধি অনুসরণ করে কেবল জাতিসংঘের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শপথ গ্রহণের পরপরই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমে সভাপতিত্ব শুরু করেন তিনি। শপথ অনুষ্ঠানে ড. খলিলুর রহমান বলেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা, বিবেক ও সততার সঙ্গে পালন করবেন। জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি অনুসরণ করে তিনি শুধু জাতিসংঘের স্বার্থে দায়িত্ব পালন করবেন বলেও জানান।
তিনি আরও স্পষ্টভাবে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতিসংঘের বাইরের কোনো সরকার বা অন্য কোনো পক্ষের কাছ থেকে নির্দেশনা চাইবেন না এবং কোনো ধরনের নির্দেশনাও গ্রহণ করবেন না। ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ পদে আবারও বাংলাদেশি একজন দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
এর আগে ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। ভোটাভুটিতে তিনি ৯৯টি সদস্য দেশের সমর্থন পান। এদিকে আগামী ২২ সেপ্টেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে।